ন্যাশনাল ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের সদস্য হলেন মোঃ আখতার হোসেন। ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২৪ জুন ২০২৬ বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়। গত ৩০ জুন, ২০২৬ পরিচালনা পর্ষদের ৫৪৭তম সভায় নতুন স্বতন্ত্র পরিচালক মোঃ আখতার হোসেন অংশগ্রহণ করেন।
মোঃ আখতার হোসেন এর বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে ৩৭ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংক পিএলসি-তে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং এক্সিম ব্যাংক পিএলসি-তে গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেন। তিনি এক্সিম ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক (অন্তর্বর্তীকালীন দায়িত্ব) হিসেবে এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-তে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ব্যাংকিং খাতের পাশাপাশি শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণেও তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি একজন প্রভাষক হিসেবে কাজ করেছেন এবং নিয়মিতভাবে ব্যাংকিং পেশাজীবীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন। ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)-এর পরীক্ষক ও সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) ও হিসাববিজ্ঞানে এম.কম ডিগ্রি অর্জন করেন মোঃ আখতার হোসেন। ব্যাংক অব ইংল্যান্ড স্কলারশিপ প্রোগ্রামের আওতায় যুক্তরাজ্যের হাল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন এবং তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (এআইবিবি)-এর অ্যাসোসিয়েট সদস্য। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত বহু আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন তিনি।