ইমরান আল মাহমুদ,উখিয়া: বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী’র উদ্যোগে আন্তর্জাতিক মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত হয়েছে।
শনিবার(২৮ মে) সকাল ১০টায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইউএনএফপিএ-এর আর্থিক সহায়তায় প্রত্যাশীর ইমপ্রোভিং মেনস্ট্রোয়াল হেলথ্ ম্যানেজমেন্ট অফ এডুলেসেন্ট গার্লস এন্ড উমেন ইন কক্সবাজার বাংলাদেশ-প্রকল্পের অধীনে দিবসটি উপলক্ষে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সকালে জালিয়াপালং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দীন, ইউপি সদস্যগণ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, গ্রাম পুলিশ, এবং প্রত্যাশীর কর্মকর্তা কর্মচারীসহ র্যালিটি স্কুল থেকে বের হয়ে সোনারপাড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় র্যালিটি বিদ্যালয়ে ফিরে আসে এবং সেমিনারের অলোচনায় সবাই অংশগ্রহণ করেন।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশী’র প্রজেক্ট ম্যানেজার শাকিল মাহমুদ চৌধুরী
তিনি বলেন, “ছেলে ও মেয়েদের তাদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন হতে হবে। শিক্ষার্থীদের নিজেদের স্বাস্থ্য সচেতনতা বিশেষ করে মেয়েদের মাসিকের সময় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেন। তিনি ছাত্রীদেরকে মাসিকের সময় স্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন পড়ার ব্যাপারে বার্তা দেন।
প্রধান অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন। তিনি বলেন, মেয়েদের শারীরিক সুস্থতার ক্ষেত্রে পরিবারের বাবা, ভাই সবাইকে সহায়তা করতে হবে। মাসিক কোন অশুচি বিষয় নয়। এটা প্রাকৃতিক বিষয়। আরও বক্তব্য রাখেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মর্জিনা আক্তার,সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন সরকার।
প্রত্যাশী’র এস আর এইচ আর প্রকল্পের প্রকল্প সমন্বয়ক কাজী তাহমিনা সুলতানা বলেন, মেয়েদের মাসিকের বিষয়টি ছাত্র শিক্ষকদেরকে জানানোর উদ্দ্যেশ্য হলো, তারা যেন মেয়েদের মাসিক স্বাস্থ্যবিধিতে পরিবারে, সমাজে সচেতনতা তৈরি করতে পারে এবং নারীদের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে।
তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাসিক স্বাস্থ্যবিধি দিবসে মেয়েদের পিরিয়ড নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদেরকে সাপোর্ট দেওয়ার শপথ নেন বিদ্যালয়ের ছাত্ররা।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক আরও অনেক বার্তা প্রদান করা হয় এবং উপস্থিত সকলকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।