1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

পুঁজিবাজারে এসেই অর্থসংকটে তিন কোম্পানি

  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৩০ পিএম
  • ২২৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি সর্বশেষ হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ এখনো বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করেনি। আর্থিক সংকটের কারণে কোম্পানিগুলো লভ্যাংশ বিতরণ করতে পারছে না বলে জানা গেছে। বিনিয়োগকারীরা জানিয়েছেন, লভ্যাংশ অনুমোদনের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেওয়া সময় শেষ হলেও এখনো তাঁরা লভ্যাংশ বুঝে পাননি।

অনুমোদনের পরও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়া কোম্পানিগুলো হলো- তওফিকা ফুড অ্যান্ড লাভেলো আইস্ক্রিম, লুব-রেফ বাংলাদেশ লিমিটেড এবং বিডি পেইন্টস লিমিটেড।

জানা গেছে, গত বছরের ২৩ অক্টোবর সর্বশেষ হিসাববছরের (২০২২) জন্য তওফিকা ফুড অ্যান্ড লাভেলো আইস্ক্রিম ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ২০ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন অনুযায়ী লভ্যাংশ অনুমোদনের ৩০ দিনের মধ্যেই বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করতে হবে। তবে লভ্যাংশ অনুমোদনের পর ৫৬ দিন অতিবাহিত হলেও এখনো বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি তাওফিকা ফুডস।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য মতে, সমাপ্ত বছরে (২০২২) তাওফিকা ফুডস শেয়ারপ্রতি ১ টাকা ৪৩ পয়সা আয় করেছে। হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৯০ পয়সা। আয় ও সম্পদ দুটোই আগের বছরের (২০২১) তুলনায় বেড়েছে। ২০২১ সালে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৪১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ১২ টাকা ৫৭ পয়সা।

তালিকাভুক্ত আরেক কোম্পানি লুব-রেফ বাংলাদেশ লিমিটেডও নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি। জানা গেছে, সর্বশেষ হিসাববছরের জন্য (২০২২) ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে লুব-রেফ। গত বছরের ২৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় ঘোষিত লভ্যাংশ অনুমোদন করে কোম্পানিটি। তবে অনুমোদনের ৪৯ দিন পার হলেও বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি লুব-রেফ।

এদিকে শেয়ারবাজারের এসএমই (স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্লাটফর্ম) মার্কেটে তালিকাভুক্ত বিডি পেইন্টস লিমিটেডও সর্বশেষ হিসাববছরের জন্য নগদ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। গত ২৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদনও করে কোম্পানিটি। এই প্রতিষ্ঠানটিও এখন পর্যন্ত বিনিয়োগকারীদের বিও হিসাবে লভ্যাংশ জমা দেয়নি।

সূত্র মতে, শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন লভ্যাংশ বিতরণ নিয়ে ২০২১ সালের ১৪ জানুয়ারি এক আদেশ জারি করে। ওই আদেশে বলা হয়, অনুমোদনের ৩০ দিনের মধ্যেই বিনিয়োগকারীদের বিও হিসাবে লভ্যাংশ জমা করতে হবে। তবে কোম্পানিগুলো আর্থিক সংকটে থাকায় বিনিয়োগকারীদের এখনো লভ্যাংশ দেয়নি।

জানা গেছে, ২০২০ সালে দেশের শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করে লাভেলো আইস্ক্রিম। একই বছর পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করে লুব-রেফ বাংলাদেশ। আর গত বছর (২০২২) শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে এসএমই মার্কেটে তালিকাভুক্ত হয় বিডি পেইন্টস।

তাওফিকা ফুডসের কোম্পানি সচিব দিদারুল আলম গণমাধ্যমকে বলেন, গত ১৮ জানুয়ারি বিএসইসিতে আবেদন করেছি লভ্যাংশ বিতরণে আরও সময়ের জন্য। ইতোমধ্যে সাধারণ বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়া শুরু করেছি। তিনি বলেন, আর্থিক সংকট কারণে লভ্যাংশ দেরিতে বিতরণ করা হচ্ছে- এটি সঠিক নয়।

বিডি পেইন্টসের কোম্পানি সচিব মামুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়া হবে। আর প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদেরও চলতি মাসের মধ্যেই লভ্যাংশ দেওয়া হবে। কোম্পানির কোন আর্থিক সংকটের কারণে নয়, ব্যবস্থাপনা পরিচালক দেশের বাইরে থাকায় লভ্যাংশ সময়মতো দিতে পারিনি।

লুব-রেফ বাংলাদেশের কোম্পানি সচিব মশিউর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

নির্দিষ্ট সময়ে লভ্যাংশ বিতরণ না করার বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ঘোষিত লভ্যাংশ নির্দিষ্ট সময়ের মধ্যেই বিতরণ করতে হবে। সাধারণ বিনিয়োগকারী, প্লেসমেন্ট শেয়ারহোল্ডারসহ সব বিনিয়োগকারীকেই নির্দিষ্ট সময়ের মধ্যে লভ্যাংশ দিতে হবে। কোন কোম্পানি লভ্যাংশ বিতরণ নির্দিষ্ট সময়ে না করলে কমিশন নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com