ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২০৭ জন ও ঢাকার বাইরে ১৪৪ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ২০৯ জনে।
শনিবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ১ হাজার ৭১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৩৩ জন ও ঢাকার বাইরে ৭৭৭ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৮ হাজার ২০৯ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩৭ হাজার ১০ জন ও ঢাকার বাইরে ২১ হাজার ১৯৯ জন। একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৫৬ হাজার ২৪৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৫ হাজার ৯২২ জন ও ঢাকার বাইরে ২০ হাজার ৩২৩ জন।
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যাননি। তবে চলতি বছর ডেঙ্গুতে ২৫৪ জন মারা গেছেন, যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১৭৯ জন।