লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে ফেসবুক লাইভে এসে মারধর করেছে ওই এলাকার কয়েকজন যুবক। ওই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের পাশে একটি মাদ্রাসায় ঘটানাটি ঘটে। বর্তমানে ১০ম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান লিখনকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৩জুন) বিকেলে হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন মেহেদী হাসান লিখন বলেন, কয়েকদিন আগে কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের হামলা করে শিক্ষার্থীদের মারধর করেন সিফাত ও জয়সহ কয়েকজন যুবক। ঘটনাটি নিয়ে বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ে বৈঠকে বসেন সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। ওই বৈঠকে কয়েকজন বন্ধু হামলাকারীদের নাম বলি। বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পর কথা আছে, বলে ডেকে নিয়ে যাওয়া হয়।
এর পর সিফাত ও জয় আমাকে লাঠি দিয়ে মারধর করেন এবং সিফাতের ফেসবুক আইডি থেকে মাহবুবুর নামে এক যুবক সেই দৃশ্য লাইভ করেন। পরে স্থানীয় লোকজন লাইভটি দেখে ছুটে এসে আমাকে উদ্ধার করেন। আমাকে সিফাতের বাবা হোসায়নুর রহমান হিরু ও জয়ের বাবা দুলুর পরিকল্পনায় মারধর করা হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, ভিডিওটি দেখেছি। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে