গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে সকাল থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে অবরোধ শুরু করেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
পরে বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালান। এ সময় ব্যাংক ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।
একপর্যায়ে ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর একটি ভবন ভাড়া নিয়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
এ বিষয়ে জানতে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।