1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদর শিল্প

  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১.১১ পিএম
  • ৪১ Time View

জোবায়েদ মল্লিক বুলবুল, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল ও চাদর তৈরির তাঁত কারখানাগুলো সুতা ও রঙের মূল্যবৃদ্ধি, যান্ত্রিক পাওয়ার লুমের আগ্রাসন, শ্রমিক সংকট এবং সুদূরপ্রসারী বাজার ব্যবস্থাপনার অভাবে তীব্র অস্তিত্ব সংকটে পড়েছে। হাড়ভাঙা পরিশ্রমের পরও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও উপযুক্ত মজুরি না পেয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছেন এই শিল্পের মূল কারিগররা। জীবন-জীবিকার রূঢ় বাস্তবতায় বাধ্য হয়ে বহু দক্ষ তাঁতি পূর্বপুরুষের এই সুপ্রাচীন পেশা ছেড়ে দিচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিআই পণ্য তাঁতের শাড়ির পরই বাহারি সুতা আর নিপুণ কারুকার্যের তৈরি টাঙ্গাইলের ফ্যাশনেবল শাল-চাদর দেশজুড়ে জনপ্রিয়। জেলার বাসাইল উপজেলার বাথুলি সাদী, কালিহাতী, নাগরপুর, দেলদুয়ার ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে শাল-চাদরের কারখানা রয়েছে। তবে বাসাইলের বাথুলি সাদী গ্রামে কারখানার সংখ্যা সবচেয়ে বেশি। একসময় এই এলাকায় ৮০টি কারখানা সচল থাকলেও কাঁচামালের দাম বৃদ্ধি, পাওয়ার লুমের দাপট এবং কারিগর সংকটে এর মধ্যে ৭০টি কারখানাই সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বাজারজাতকরণের সঠিক নীতিমালার অভাব ও ধারাবাহিক লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরাও নতুন করে পুঁজি বিনিয়োগে সাহস পাচ্ছেন না।

তাঁত কারখানাগুলোতে সুতা, বুনন পদ্ধতি ও নকশার ভিন্নতায় প্রধানত ৬ ধরনের শাল ও চাদর তৈরি হয়। বংশাল, মনিপুরী, নয়নতারা ও ময়ূরকণ্ঠীসহ নানা ডিজাইনের এসব চাদর আকার ও মানভেদে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হয়ে থাকে। ধরন অনুযায়ী উল্লেখযোগ্য শাল-চাদরগুলো হচ্ছে- ঐতিহ্যবাহী তাঁতে সুতি সুতায় বোনা হালকা শীতের জন্য বেশ আরামদায়ক ‘খাঁটি সুতি চাদর’। তীব্র শীত নিবারণের জন্য শতভাগ উলের বা পশমি সুতায় তৈরি মোলায়েম ও উষ্ণ ‘উলের শাল ও চাদর’। উৎসব বা অনুষ্ঠানের উপযোগী করতে সুতির সাথে সিল্ক বা কৃত্রিম সুতার সংমিশ্রণে তৈরি চকচকে ও মসৃণ ‘সিল্ক ও মিক্সড সুতার চাদর’।

টাঙ্গাইল শাড়ির আদলে শালের জমিন ও পাড়ে জামদানি বা জ্যাকার্ড তাঁতের নিখুঁত নকশা তোলা ‘জামদানি ও ঐতিহ্যবাহী নকশার শাল’। সাধারণত বয়স্ক বা পুরুষদের ব্যবহারের জন্য একরঙা জমিনের ওপর চিকন চেলি পাড়ের নকশা করা ‘চেলি পাড় ও একরঙা শাল’। এবং তাঁতে বোনা সাধারণ কাপড়ের ওপর পরবর্তীতে ব্লক প্রিন্ট, বাটিক বা সুতার এমব্রয়ডারি করে তৈরি আধুনিক ফ্যাশনেবল ‘ব্লক ও এমব্রয়ডারি শাল’। আকারভেদে নারীদের ফ্যাশনেবল শালগুলো প্রস্থে ২ থেকে ২.৫ হাত এবং দৈর্ঘ্যে ৪ থেকে ৫ হাত হয়ে থাকে। পুরুষদের বা গায়ে জড়িয়ে রাখার জন্য ৪ হাত চওড়া এবং ৭ থেকে ৯ ফুট লম্বা ‘কিং সাইজ’ চাদরও তৈরি হয়। মান ও হাতের কাজের সূক্ষ্মতার ওপর ভিত্তি করে বাজারে প্রতিটি চাদর ৭০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত মূল্যে কেনাবেচা হয়।

বাথুলিসাদী গ্রামের তাঁত মালিক আ. ছালাম জানান, সুতার অগ্নিমূল্যে আগের মতো আর লাভ থাকে না। ব্যাংক ও চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা চালিয়ে কিস্তি পরিশোধের পর পরিবার নিয়ে টিকে থাকাই দায় হয়ে পড়েছে। লোকসানের কারণে তিনি তাঁর ৩৬টি তাঁতের মধ্যে ১৪টি বন্ধ করে দিয়েছেন এবং বর্তমানে মাত্র ২২টি তাঁত চালু রেখেছেন।

আরেক তাঁত মালিক মো. বাদল মিয়া বলেন, ‘কক্সবাজার, শ্রীমঙ্গল, সিলেট ও রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন পর্যটন এলাকায় টাঙ্গাইলের চাদরের চাহিদা বাড়ছে। টাঙ্গাইল শাড়ির মতো শাল-চাদর বিদেশে রপ্তানির উদ্যোগ ও স্বল্প সুদে সরকারি ঋণের ব্যবস্থা করলে এই শিল্প টিকে থাকত।’ তাঁর দুটি কারখানায় ৮টি পাওয়ার লুম ও ৬টি খটখটি তাঁত রয়েছে। প্রতিকূল পরিস্থিতির কারণে যেকোনো সময় এসব কারখানাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। এদিকে, মজুরি বৈষম্য ও স্বল্প আয়ে মানবেতর জীবনযাপন করছেন কারিগররা। দীর্ঘদিন ধরে এই পেশায় যুক্ত কারিগর মাহিম, শিপন, শওকত, মনির, সানি, লালচান ও আহাদ জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাওয়ার লুমে কাজ করে তাঁরা ২০টি চাদর বুনতে পারেন এবং প্রতি চাদরে ২৫ টাকা মজুরি পান। অন্যদিকে, খটখটি তাঁতে দিনে সর্বোচ্চ ৬-৭টি চাদর বোনা যায়- যেখানে প্রতি চাদরে মজুরি মেলে ৫০ থেকে ৫৫ টাকা। বর্তমান বাজারদরে এই সামান্য আয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ায় অনেকেই পেশা বদলাচ্ছেন।

বাংলাদেশ তাঁত বোর্ডের (বাতাঁবো) টাঙ্গাইলের বাজিতপুর বেসিক সেন্টারের লিয়াজোঁ অফিসার জাহিদুর রহমান বলেন, ‘কাঁচামালের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে প্রতিযোগিতামূলক বাজারে অনেক মালিক লোকসানে পড়ে কারখানা বন্ধ করে অন্য পেশায় ঝুঁঁকছেন। সরকারি সহযোগিতা থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা আরও বাড়ানো জরুরি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com