ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। ১০ নভেম্বর দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ৯ নভেম্বর দিবাগত মধ্যরাতে পৌর শহরের কালিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন—পৌর শহরের কালিপুর উত্তরপাড়া এলাকার মৃত শামসু মিয়ার ছেলে শফিক মিয়া (২৮) এবং একই এলাকার দক্ষিণপাড়ার মৃত আতর মিয়ার ছেলে আমীর হোসেন (২৪)।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কালিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মধ্যরাতে শহর পুলিশ ফাঁড়ির এসআই নুরুল হুদা ভূইয়ার নেতৃত্বে কালিপুর এলাকা থেকে মাদক কারবারি শফিক মিয়া ও আমীর হোসেনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে ঢাকা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।