গত ০১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে পরিচালক জনাব মোঃ জবদুল ইসলাম এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (CRO) জনাব আখলাসুর রহমান ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব মোঃ আনিস উর রহমান এবং নির্বাহী পরিচালক জনাব নাহিদ রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের এই ২,০০০ কোটি টাকার বিশেষ প্রি-ফাইন্যান্স স্কিমের আওতায় চামড়া প্রক্রিয়াজাতকরণ, ট্যানারি পরিচালনা, চামড়াজাত পণ্য ও জুতা উৎপাদন এবং এ খাতের সহযোগী শিল্পপ্রতিষ্ঠানসমূহের উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন। এ স্কিমের আওতায় নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন, বিদ্যমান শিল্পের সম্প্রসারণ ও আধুনিকায়ন, উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তি সংযোজন, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং সংশ্লিষ্ট শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে।