স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, অসহায় ও দুস্থ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সহায়তা ও উন্নয়নের সুফল পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
সরকারের চলমান বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকার আর্থিক সহায়তা দিচ্ছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসের মতো জটিল রোগে আক্রান্ত ছয়জন রোগীর প্রত্যেককে এক লাখ টাকা করে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কার্যক্রমের বাইরে থাকা অন্য ভুক্তভোগীরা আবেদন করলে আমার পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতা করা হবে। জনগণের কল্যাণে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর জনকল্যাণমূলক কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতা প্রদান এর অন্যতম উদাহরণ। তৃণমূলের মানুষের কাছে রাষ্ট্রীয় সুবিধা পৌঁছে দিতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে।
তিনি বলেন, উন্নয়ন ও আর্থিক সহায়তার বরাদ্দ ক্রমান্বয়ে বাড়ছে। বিগত দুর্গাপূজাতেও প্রধানমন্ত্রী রেকর্ড পরিমাণ অনুদান দিয়েছেন। আগামিতে এই সহায়তার পরিধি আরও বিস্তৃত করা হবে। সরকার সর্বদা জনগণের পাশে ছিল এবং থাকবে।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাফি শাহেদ প্রমুখ।
চেক বিতরণ শেষে জনসাধারণের সেবা নিশ্চিত করা এবং সরকারি কার্যক্রম আরও সহজলভ্য করার লক্ষ্যে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।