এ.কে পালাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আগস্ট মাসে মাদক উদ্ধারে ব্যাপক সাফল্যের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন। আগস্ট মাসে তাঁর নেতৃত্বে থানায় বিভিন্ন অভিযানে মোট ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া আগস্ট মাসে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারের স্বীকৃতি পেয়েছেন উপ-পরিদর্শক (এসআই) সৈকত মজুমদার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল আলম সিদ্দিকী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর-আল-আহসান। তাঁদের অভিযানে ২৫০ পিস ইয়াবা, ৭৭ কেজি গাঁজা ও ৮ হাজার ২০০ পিস বাজি উদ্ধারের তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানা তামিলেও সাফল্যের স্বীকৃতি পেয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল আলম সিদ্দিকী,সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নুর-আল-আহসান,সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান। তাঁরা আগস্ট মাসে মোট ৬৭টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেন।
এ ছাড়া উত্তম কাজের জন্য কনস্টেবল নূর মোহাম্মদকেও পুরস্কৃত করা হয়। মাসিক কল্যাণ সভায় সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।