মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ, মানসম্মত ফলাফল অর্জন এবং সার্বিক শিক্ষার উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুস সোবহানের সঞ্চালনায় এবং মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি রিয়াজ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের প্রতি মাসে কমপক্ষে ২০ দিন শ্রেণিকক্ষে উপস্থিত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুপস্থিতির ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়। এছাড়া প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে এবং ড্রেস ছাড়া কোনো শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না।
সভায় আরও জানানো হয়, শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং যথাযথ দরখাস্ত ছাড়া কোনো ছাত্র-ছাত্রীকে ছুটি দেওয়া হবে না। পাশাপাশি বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন করা হয় এবং এ সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা ও ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। এ ধরনের অভিভাবক সমাবেশ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।