মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের একটি গ্রামে ধর্ষণের শিকার হয়েছে ৮ বছরের এক শিশু। ২৫ মার্চ দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির পরিবারের লোকজন মাঠে কাজ করতে গেলে শিশুটি একাই বাড়ীতে অবস্থান করছিল। সেই সুবাদে লম্পট আসাদ মোল্যা (৪৫) তাদের ঘরে ঢুকে মেয়েটির সর্বনাশ করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম বলেন, ধর্ষককে পুলিশ হেফাজতে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ভিক্টিমকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পক্ষে লিখিত এজাহার দিলেই মামলা নেওয়া হবে।