উৎসবমুখর পরিবেশে প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুপুর ১২টা পর্যন্ত ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) মনিটরিং সেল।
সকাল থেকে মেঘলা আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে আসছেন ভোটাররা। ভোট দিচ্ছেন নিজেদের পছন্দের প্রার্থীকে। শুরুর দিকে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি কেন্দ্রেই ভোটারের উপস্থিতি বাড়ছে। পুরুষের পাশাপাশি দেখা গেছে নারী ভোটারের দীর্ঘ লাইন।
এদিকে, ভোট নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রের অদূরে দায়িত্বরত পুলিশ সদস্যর ওপর চড়াও হওয়ার ঘটনা ভিডিও করার সময় দৈনিক মানবজমিনের প্রতিনিধি গোলজার হোসেনকে মারধর করেছে দুর্বৃত্তরা।
তবে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা, হুমকি-ধামকির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। আটক দুজনকে থানায় নেয়া হয়েছে। বগুড়া গাবতলী উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বই ছিনিয়ে নিয়ে জাল ভোটের অভিযোগ উঠেছে।
মাদারীপুর সদরের মোস্তফাপুরের বালিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছেন।
এ ছাড়া সিরাজগঞ্জের বেলকুচিতে ভোটকেন্দ্র থেকে ১ লাখ ১০ হাজার টাকাসহ ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলার একটি কেন্দ্রের ভোট সাময়িক স্থগিত করা হয়েছে।
প্রথম ধাপে ১৩৯টির মধ্যে ২২টি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ চলছে।
তফসিল: ১৫২টি উপজেলায়
ভোটগ্রহণ হচ্ছে: ১৩৯ উপজেলায়
স্থগিত: ৮ উপজেলায়
ইভিএম: ২২ উপজেলায়
মোট প্রার্থী: ১,৬৩৫ জন।
ভোটকেন্দ্র: ১১ হাজার ৫৫৬টি।
ভোটার: ৩১৪৬৮১০২ জন।