ডিজিটাল প্রচার মাধ্যমে এবার উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রচারণা চালাতে অনুমতি দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
বৃহস্পতিবার( ১৮ এপ্রিল) বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচন সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে গাজীপুর জেলা প্রশাসন।
জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ গ্রহণ করেন।
নির্বাচন কমিশনার বলেন, ‘গাজীপুর সিটিসহ স্থানীয় নির্বাচন নিয়ে এখানকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিজ্ঞতা ভালো। যে নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব আছেন তারা নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ করার জন্য প্ল্যানগুলো নির্বাচন কমিশনকে জানিয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নতুন নতুন চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো বলা হয়েছে।’
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের সব ধরনের সহযোগিতা করবে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচন ভালো ভোটার উপস্থিতি থাকে। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
নির্বাচনে প্রচারণা নিয়ে আরও বলেন, ‘এখন তো ডিজিটাল যুগ। ডিজিটাল প্রচার মাধ্যমে এবার উপজেলা নির্বাচনের প্রার্থীরা প্রচারণা চালাতে আমরা অনুমতি দিয়েছি। প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রচারনা চালাতে পারবেন। এবার প্রচারণার কাজটি আমরা উন্মুক্ত করে দিয়েছি।’