পদ্মা সেতুর পাশেই একটি মিউজিয়াম করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যেখানে পদ্মা সেতুতে ব্যবহৃত কিছু জিনিসপত্র সেই মিউজিয়ামে রাখার জন্য বলেছেন।
মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন।
সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই কথা জানান।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আজকের সভায় পদ্মাসেতু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কথা বলেছেন৷ এটা দেশের সকলের আবেগের একটা সেতু। পাশাপাশি প্রধানমন্ত্রীরও আবেগ জড়িয়ে আছে। তিনি বলেছেন পদ্মা সেতুর ওপারে ভাংগার দিকে মিউজিয়ামটি করা যায় কিনা দেখতে৷ কারণ ওই সাইটটা অনেক সুন্দর ও অনেকগুলো জেলার সাথে সংযুক্ত।
প্রধানমন্ত্রী আরো ইচ্ছে প্রকাশ করে বলেছেন, পদ্মা সেতুতে যারা যারা কাজ করেছেন, সচিব থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, শ্রমিক সবার সাথেই ছবি তুলতে চান। একসাথে সম্ভব না হলে দফায় দফায় ছবি তোলা হবে।
একনেকে, ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ ব্যয়ে ১০ টি প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ১৪২ কোটি টাকা ব্যয় করা হবে।