বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের সঙ্গে থাকছে না গণঅধিকার পরিষদ। সরকারবিরোধী বিভিন্ন আন্দোলনে অংশ নেয়ার ক্ষেত্রে স্বতন্ত্রতা না থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সদস্য সচিব নুরুল হক নুর।
তিনি জানান, শনিবার (৬ মে) রাতে দলটির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেখানে চলমান যুগপৎ আন্দোলনে স্বতন্ত্রভাবে কর্মসূচি পালনের সিদ্ধান্ত এসেছে।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর সময় সংবাদকে বলেন, ‘আমরা নতুন দল হিসেবে সবার সঙ্গেই আন্দোলন করতে চাই। কিন্তু একটি মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট থাকলে অনেক সময় চাইলেও সব পারা যায় না। সবার মতামত নিয়ে কাজ করতে হয়। আমাদের কাছে মনে হয়েছে, নতুন দল হিসেবে এতে নেতিবাচক প্রভাব পড়ছে। তাই আমাদের দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।’
নুর আরও বলেন, আমরা বাম-ডান সবার সঙ্গেই আন্দোলনে যুক্ত থাকবো। যারাই দেশের মানুষের পক্ষে কথা বলবে, তাদের অধিকার আদায়ে আন্দোলন করবে দল-মত নির্বিশেষে আমরা তাদের সঙ্গে থাকবো।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দলটির দফতর সমন্বয়ক ও যুগ্ম-আহ্বায়ক শাকিল উজ্জামান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
দলটির পক্ষ থেকে ভোটারবিহীন সিটি করপোরেশন নির্বাচনের নামে রাষ্ট্রের অর্থ খরচের সমালোচনা করা হয়। পাশাপাশি জনগণকে নির্বাচন বর্জনেরও আহ্বান জানানো হয়।
সভায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ১২ মে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া মুক্তিযুদ্ধের সংগঠক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে সভায় একটি শোক প্রস্তাব পাস করা হয়। ডা. জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আগামী ১৫ মে কেন্দ্রীয় কার্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবনের ওপর আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply