মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হয়েছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু ভাষা আন্দোলন শুরু করেছিলেন ৪৮ সালে। বারবার তাকে জেলে যেতে হয়েছিল ভাষা আন্দোলনের জন্য। অথচ অনেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চায়।
ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রভাষা আন্দোলন হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে; আর ভাষা আন্দোলনের বিশ্ব স্বীকৃতি পায় বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার মূল কারিগর, পেছনের পটভূমি ও বাস্তবায়ন প্রক্রিয়ায় ছিলেন শেখ হাসিনা।
শহীদ মিনারের বেদিতে আওয়ামী লীগ দলবাজি করে, বিএনপি নেতাদের এমন মন্তব্যের পরিপেক্ষিতে তিনি বলেন, দলবাজি তো বিএনপিই করেছে। অথচ আজ তারা দলবাজির কথা বলে, তারা ইতিহাসকে অস্বীকার করছে।
মন্ত্রী বলেন, বিএনপির কি মনে নেই, ক্ষমতায় থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আপনাদের নেত্রী ফুল দেওয়ার জন্য মূল বেদীতে উঠেছিলেন। শহীদ মিনারকে কারা অপমান করেছে? আমরা কোনো দলবাজি করিনি। তিন ঘণ্টায় পৌঁছে শহীদ মিনারে ফুল দিয়ে এক মিনিটও দেরি করিনি। তাহলে কোথায় দলবাজি করলাম, কিভাবে করলাম?
তিনি আরও বলেন, শহীদ মিনারে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে খুর দিয়ে ১৪ ইঞ্চি কাটা হয়েছে। বিশাল গর্ত, রক্তে রক্তে ভিজে গেছে শহীদ মিনার। কারা করেছে? তার বেঁচে থাকার কথা ছিল না, কারা করেছে?
সেতুমন্ত্রী বলেন, বেগম জিয়া ক্ষমতায় থাকাকালে সাভার স্মৃতিসৌধে আমাদের নেত্রী শেখ হাসিনা ফুল দিতে গিয়েছিলেন। কী দৃশ্যপট, আমাদের নেতাদের উপর কী অত্যাচার, সিভিল বেশে, নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে পেটানো হয়েছিল। কোনো রকমে ফুল দিয়ে নেত্রীকে ফিরতে হয়েছিল। এভাবে তারা অত্যাচার করেছে। শেখ হাসিনা যেখানে গেছেন সেখানেই বাধা, শহীদ মিনারে বাধা।
আলোচনা সভাটি পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।