মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মানসুর মোল্যা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসিব মোল্যা (২০) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
নিহত মানসুর মোল্যা কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। আহত নূর ইসলাম নামে আরও একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কাসেদ মোল্যার সঙ্গে হাসিবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসিব কাসেদকে মারধর করেন।
এর জেরে শনিবার রাতে কদমতলা ত্রি-মোহনার একটি দোকানের সামনে কাসেদের চাচাতো ভাই মানসুর মোল্যা ও নূর ইসলাম হাসিবের কাছে বিষয়টি জানতে চান। এ সময় হাসিব ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে মানসুর গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে তার মৃত্যু হয়।
আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি মাদক-সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে; এর সঙ্গে কোনো পূর্ববিরোধের সম্পৃক্ততা পাওয়া যায়নি।