গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর কাফরুল শাখা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা হিসেবে কার্যক্রম শুরু করেছে। নতুন এই শাখার নামকরণ করা হয়েছে ‘কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখা’।
সম্প্রতি ঢাকার কাফরুলে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ভাইস চেয়ারম্যান এবং এডজুট্যান্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী – মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা হিসেবে কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখা থেকে গ্রাহকরা শরিয়াহসম্মত বিভিন্ন আমানত ও বিনিয়োগ পণ্য এবং অন্যান্য আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। ট্রাস্ট ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শরিয়াহ নীতিমালা ও বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য নির্দেশনা অনুসরণ করে পরিচালিত হয়।
কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার মাধ্যমে ঢাকা ও এর আশপাশের এলাকার গ্রাহকদের জন্য শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অন্তর্ভুক্তিমূলক, আধুনিক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদানে ট্রাস্ট ব্যাংকের অঙ্গীকার আরও সুদৃঢ় হলো।
ট্রাস্ট ব্যাংক পিএলসি বর্তমানে পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা ও ইসলামিক ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা প্রদান করছে।