1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ১১.২০ এএম
  • ১৬৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ ও চিন্তাধারায় এবং তার নির্দেশিত পথে দেশ পরিচালনার ফলে বাংলাদেশ এখন আর্থ-সামাজিক উন্নয়নে সারাবিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল রোববার (১৭ এপ্রিল) বিকালে সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশন আয়োজিত মুজিবনগর দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী এসময় মুজিবনগর দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর আলোকপাত করে বিশ্বমঞ্চে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল ভূমিকা এবং বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে এই মহান নেতার ত্যাগ-তিতীক্ষার কথা তুলে ধরেন।

ড. মোমেন বলেন, ১৯৭১-এর ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্যদিয়ে তার নেতৃত্বে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের জন্ম হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১-এর ১৭ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং জাতীয় চার নেতার দিকনির্দেশনায় দীর্ঘ নয় মাসব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অবশেষে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিনের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে অসাধারণ সাফল্য অর্জন করে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

এসময় তিনি বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. তৌহিদুল ইসলাম, এনডিসি। সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা এবং সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বর্তমানে দেশটি সফরে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com