শেখ হাসিনা সরকার পতনের পর আগের দিন মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছিল ১৯৭ পয়েন্ট। তারপরও শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন চার কোম্পানির শেয়ার ছিল ক্রেতাহীন।
কোম্পানিগুলো হলো-বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো ও আইএফআইসি ব্যাংক। এরমধ্যে বেক্সিমকো আগের থেকেই ফ্লোর প্রাইসে পড়ে আছে।
আজ বুধবার (০৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ডিএসইর সূচক বেড়েছে ১০০ পয়েন্টের বেশি। দর বেড়েছে ১১০টি প্রতিষ্ঠানের। তারপরও কোম্পানি চারটির শেয়ার লেনদেনের শুরুতেই ক্রেতাহীন অবস্থায় পড়ে যায়।
সালমান এফ রহমান শেয়ারবাজারের ব্যাপক সমালোচানার জন্ম দিয়েছেন। তার বিরুদ্ধে শেয়ারবাজার থেকে ব্যাপক লুটপাটের অভিযোগ রয়েছে। তিনি শেয়ারবাজারে ‘দরবেশ’ হিসাবে পরিচিত।
আলোচ্য চার কোম্পানির শেয়ার গত দুই দিনে যতোটা কম সম্ভব, ততোটাই কমেছে। কেবল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বেঁধে দেওয়া নিয়মের কারণে বেক্সিমকোর শেয়ার দাম কমার সুযোগ নেই। ফলে এই কোম্পানির শেয়ার দাম কমেনি। কিন্তু ক্রেতাও ছিল না প্রতিষ্ঠানটির শেয়ারের।