
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা সংস্কার আন্দোলন সম্পূর্ণ শিক্ষার্থীদের এতে শুধু সমর্থন দিয়েছে দল, সরাসরি যুক্ত নয়।
বুধবার (১৭ জুলাই) পুলিশের বাধায় বায়তুল মোকাররম মসজিদের বাইরে গায়েবানা জানাজা পড়তে না পারলে পরে জোহরের নামাজ শেষে মসজিদের ভেতরেই এ নামাজ আদায় করেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় মির্জা ফখরুল সাংবাদিকদের এ সব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা বলতে চাই, এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে সরাসরি কখনও জড়িত নই। আমরা তাদের নৈতিক সমর্থন দিয়েছি। আর সেই নৈতিক সমর্থন দিয়ে যাব। কারণ আমরা মনে করি, তাদের এ আন্দোলন যুক্তিসংগত।
তিনি আরও বলেন, সরকার ইচ্ছা করলে আলাপ-আলোচনার মাধ্যমে কোটা সমস্যার সমাধান করতে পারত। তা না করে বর্বরভাবে হামলা করে মানুষ হত্যা করেছে।
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির পূর্ব ঘোষিত গায়েবানা জানাজা কর্মসূচি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে হওয়ার কথা ছিল। যদিও পুলিশি বাধায় তা পালন করতে পারেনি দলটি। একইসঙ্গে কর্মসূচিতে অংশ নিতে আসা বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে বিএনপি মহাসচিব দাবি করেন।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গায়েবানা জানাজায় অংশ নিতে মুসল্লিদের বাধা দেয়া হয়েছে। আমি এ ঘটনার নিন্দা জানাই।
জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লা ভুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved