
আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়তই লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এরই মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে দুই হাজার ৪০০ ডলার।
শুক্রবার (১২ এপ্রিল) লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের সর্বোচ্চ দাম ওঠে ২ হাজার ৪৩১ দশমিক ৫২ ডলারে। তবে শনিবার (১৩ এপ্রিল) এই দাম কিছুটা কমে ২ হাজার ৩৪২ দশমিক ৯০ ডলারে নেমেছে।
এর আগে, গত ৫ এপ্রিল বিশ্ববাজারে প্রথমবারের মতো স্বর্ণের আউন্স ২ হাজার ৩০০ ডলার অতিক্রম করে। এর মাত্র ৭ দিনের মাথায় শুক্রবার এই দাম ২ হাজার ৪০০ ডলার ছাড়িয়ে যায়। যা ইতিহাসের সর্বোচ্চ দাম।
চলতি বছর প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছিলেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে তা ছাড়িয়েছে। সামনে স্বর্ণের দাম আরও বাড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বেঞ্চমার্ক সুদের হার হ্রাসের ঘোষণা ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে মানুষ ঝুঁকছেন স্বর্ণের দিকে। এই উত্তেজনা অব্যাহত থাকলে সামনে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।
এদিকে দেশের বাজারে সবশেষ গত ৮ এপ্রিল স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved