
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে মৃদ্যু শৈত্যপ্রবাহ বিরাজ করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া আর কনকনে ঠাণ্ডায় জবুথবু অবস্থা সাধারণ মানুষের।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আরও ২-৩ দিন অব্যাহত থাকতে পারে।
এমন অবস্থায় তীব্র শীতের দাপটে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষগুলো। অনেকে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হলেও কনকণে ঠাণ্ডায় কাহিল হয়ে পড়ছেন।
তাপমাত্রা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে জেলার পাঁচ শতাধিক চর ও দ্বীপ চরের মানুষসহ নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষেরা। প্রয়োজন ছাড়া লোকজন বাড়ির বাইরে বের হচ্ছে না। রাস্তা-ঘাট ও বাজারে কমেছে লোকজনের আনাগোনা।
খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে হত-দরিদ্র পারিবারের শিশু ও বৃদ্ধদের।
এদিকে দীর্ঘ সময় ধরে তাপমাত্রা নিম্নগামী থাকায় বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় বোরো আবাদ ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকরা জানান, বেশ কিছুদিন ধরে তীব্র শীতে বোরো বীজতলা বিবর্ণ হয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, পৌষের শুরু থেকেই ক্রমান্বয়ে তাপমাত্রা হ্রাস পেয়েছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ফলে এ উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved