
বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কবে ঘুরে দাঁড়াবে দলটি?
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন প্রশ্ন রাখেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কারাগার থেকে বের হয়ে একই ধরনের সাজানো নাটকের পুনরাবৃত্তি শুরু করেছেন। তার একই বক্তব্যের প্রতিধ্বনি শুনছি। এখন তারা নাকি আবার ঘুরে দাঁড়বেন। তো প্রশ্ন হচ্ছে, কোথা থেকে কোথায় ঘুরে দাঁড়িয়েছিলেন, আবার কোথা থেকে কোথায় ঘুরবেন- সেটা আমাদের জানা নেই। তাদের ঘুরে দাঁড়ানোর বক্তব্য আমরা আগেও শুনেছি। কিন্তু কোন বছর ঘুড়ে দাঁড়াবেন? এ বছর, নাকি আগামী বছর? এই ডিসেম্বরে নাকি আগামী অক্টোবরে? কবে আবার ঘুরে দাঁড়াবেন? আসলে এসব কথা বিএনপি নেতারা বার বার বলে জনগণের কাছে নিজেদেরকেই খাটো করছেন।’
বিএনপির চেয়ে বড় উগ্রবাদী দল আর নেই মন্তব্য করে তিনি বলেন, ৭৫- এ বঙ্গবন্ধুকে হত্যার মূলহোতা জিয়াউর রহমান, ২১ আগস্ট পরিকল্পিতভাবে হামলা করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল বিএনপি। অথচ যাদের হাতে রক্তের দাগ, তারা হত্যার রাজনীতির জন্য আওয়ামী লীগকে দোষারোপ করে।
‘দেশের মানুষ জানে, বিএনপি অনেক গুম নাটক সাজিয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তারা জজ মিয়া নাটক সাজিয়েছিলেন। তাদের নিজেদের কৃতকর্মের দোষ অন্যের ঘাড়ে চাপানোর এমন অপকৌশল এখনও তারা অবলম্বন করছেন’, উল্লেখ করেন ওবায়দুল কাদের।
বাংলাদেশে আন্দোলন করার মতো অবজেকটিভ কনডিশন নেই জানিয়ে তিনি বলেন, বিএনপির হাতে কোনো ইস্যু নেই। তারা দায়ে পড়ে কিছু ইস্যু খুঁজে বেড়ান। কিন্তু এসব ইস্যুতে দেশের জনগণ বিভ্রান্ত হবেন না।
মানুষ জেনেশুনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ভোট দিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মনে করেছিল, নির্বাচন প্রতিহত করতে পারবে। কিন্তু তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তারা বলেছিলেন, নির্বাচনের পর আমরা সরকার গঠন করতে পারবো না। তারা আরও বলেছিলেন, সরকার গঠন করতে পারলেও কয়েক দিনের বেশি টিকবে না। তাদের এসব বক্তব্যের বাস্তবতা কতটুকু? আসলে হতাশা থেকে বিএনপি নেতারা এখন অনেক কিছুই বলছেন।
‘আমরা নির্বাচনের আগেও ছিলাম, পরেও আছি। জনগণের জানমাল রক্ষায় সব সময় তৎপর থাকবো’, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মিয়ানমার ইস্যুতে কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমারের সব পক্ষের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে। সেখানে যুদ্ধ পরিহার করে শান্তির জন্য ইন্টেলিজেন্ট ডিপ্লোম্যাসি নিয়ে কাজ করছে সরকার।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved