
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রোববার (১৯ নভেম্বর) ভোর থেকে শুরু হতে যাওয়া টানা ৪৮ ঘণ্টার হরতালে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আওয়ামী সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার হাজার নেতাকর্মীর মুক্তির দাবি আদায়ের লক্ষ্যে এবং নির্বাচন কমিশনের একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল রোববার ভোর ৬টা থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল, যা মঙ্গলবার ভোট ৬টায় শেষ হবে। এটি হবে শান্তিপূর্ণ হরতাল।’
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমি এই হরতালকে সাফল্যমণ্ডিত করার জন্য, এই হরতাল বাস্তবায়ন করার জন্য আপামর জনসাধারণ প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, দলের নেতাকর্মী ও যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলের প্রতিও উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাই সাহসের ওপর ভর করে বুক চিতিয়ে রাজপথে উপস্থিত হবেন।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ৪৮ ঘণ্টার এই হরতাল হচ্ছে অধিকার আদায়ের হরতাল, এই হরতাল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে হরতাল, এই হরতাল হচ্ছে গণতন্ত্রকামী মানুষকে অন্যায়ভাবে জুলুম-নিপীড়ন-নির্যাতন করে ফরমায়েশি রায়ে যে ভয়ঙ্কর এবং পৈশাচিক নির্যাতন করা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদের হরতাল। এই হরতাল অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে।
তিনি বলেন, দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি বিরোধী দলের নেতাকর্মী আছে… মহাবিপর্যয় সৃষ্টি হয়েছে। অনেককে আটকে রেখে মুক্তিপণ নিচ্ছে পুলিশ। নেতাকর্মীদের না পেয়ে তার স্বজন-আত্মীয়দের আটক করে মারধর করছে পুলিশ। কার্যত দেশে আইনের শাসনের মূলোৎপাটন করা হয়েছে। গায়েবি মামলা ও গ্রেপ্তার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা দুঃসহ জীবন অতিবাহিত করছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণকারী বিরোধী দলের নেতাকর্মীদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হয়েছে…। তাদের স্বাভাবিক জীবন যাপন করতে দেওয়া হচ্ছে না।
বিএনপির এই নেতা বলেন, এতসব করে এবার আর পার পাওয়া যাবে না। জনগণ রাজপথে নেমেছে অধিকার আদায়ের দুর্বার আন্দোলনে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে সরকারের পতন হবে। আপনারা যে তফসিল ঘোষণা করেছেন, তা অবিলম্বে প্রত্যাহার করুন, নির্বাচন স্থগিত করে আগে পদত্যাগ করুন। অন্যথায় এই ফরমায়েশি একতরফা নির্বাচন জনগণ সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে।
রুহুল কবির রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৩০২ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত বিভিন্ন মামলায় পুলিশ ১৩ হাজার ২১০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved