
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শান্তিপূর্ণ সমাবেশ থেকে সহিংস কর্মকাণ্ডের মধ্যদিয়ে আবারও জ্বালাও-পোড়াও কর্মসূচিতে ফিরেছে বিএনপি। সাংবাদিক ও পুলিশের ওপর বর্বর হামলার পাশাপাশি গণপরিবহনে আগুন দিয়ে শনিবার (২৮ অক্টোবর) ভয়ের রাজনীতির প্রদর্শনী শুরু করে বিএনপি-জামায়াত।
সেই ধারাবাহিকতায় প্রায় চার বছর (৩ বছর ৮ মাস) পর আবারও রোববার (২৯ অক্টোবর) হরতালের ডাক দেয় তারা। এরআগে, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি সর্বশেষ হরতাল কর্মসূচি পালন করে বিএনপি।
পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেদের মহাসমাবেশে হামলার অভিযোগ তোলে ডাকা বিএনপির হরতালে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গণপবিহনসহ বিভিন্ন গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাজধানীতে শিকড়, বিহঙ্গ, অছিম, পরিস্থান, বিআরটিসিসহ বিভিন্ন পরিবহন সংস্থার বাসে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের তথ্য পাওয়া গেছে। এতে কোনো হতাহতের খবর জানা যায়নি।
এদিকে জাতীয় নির্বাচনের আগে আগে এমন কর্মসূচিতে জনমনে তৈরি হয়েছে উৎকণ্ঠা। হরতালের কারণে বাস টার্মিনালগুলোতে ছিল না স্বাভাবিক চিত্র। হরতালে বাস চালানোর ঘোষণা থাকলেও সকালে ছাড়েনি দূরপাল্লার গাড়ি।
হরতালে গণপরিবহনের ক্ষতিসাধানকারীদের বিচার দোবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন, অগ্নিসংযোগ ঘটানো ও সন্ত্রাসী কার্যক্রমে লিপ্তদের বিরুদ্ধে সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণও দাবি করেন তিনি।
শনিবার রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে দিনভর উত্তাপ, সংঘর্ষ ও প্রাণহানির মধ্যে ঘোষণা আসে হাতালের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেল সোয়া ৩টার দিকে নয়াপল্টনে মহাসমাবেশের মঞ্চ থেকে হরতালের ঘোষণা দেন। অন্যদিকে অনুমতি ছাড়াই সমাবেশ করে পুলিশকে ধন্যবাদ জানায় জামায়াতে ইসলামী। পরে আবার বিএনপির প্রতি সহমর্মিতা জানিয়ে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved