
শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার দিনগত রাত পৌনে ৪টায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সপ্তম তলার কেবিন থেকে চতুর্থ তলায় সিসিইউতে স্থানান্তর করা হয়।
মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। দিন দিন তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে।
গত বৃহস্পতিবারও তাকে এক দফা সিসিইউতে নেওয়া হয়েছিল। তাঁর পেটে পানি জমছে। এগুলো অপসারণ করতেই তাকে সিসিইউতে নিতে হচ্ছে। চিকিৎসা শেষে আবার তাকে কেবিনে নিয়ে আসা হয়।
দু-একদিন পরপরই খালেদা জিয়ার স্বাস্থ্যের একাধিক পরীক্ষা করা হচ্ছে জানিয়ে ওই চিকিৎসক বলেন, প্যারামিটারগুলো ওঠানামা করছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপি চেয়ারপারসন শারীরিক দুর্বলতা থাকায় মাঝেমধ্যে কিছু ওষুধ খেতে চান না। তাকে সব সময় স্যালাইন ও ইনজেকশনের ওপর থাকতে হচ্ছে।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভারের জটিলতায় ভুগছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved