
ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে ও ময়লা ছিটিয়ে সাদ্দাম হোসেন নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।
রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন: ভৈরব থানার এএসআই নাসির উদ্দীন, কনস্টেবল রবিউল ও কনস্টেবল আজাদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব উপজেলার গোছামারা গ্রামের নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম। তিনি একই এলাকার মিয়া হোসেন মিয়ার ছেলে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব থানার এএসআই নাসির উদ্দীন কনস্টেবল রবিউল ও কনস্টেবল আজাদকে সঙ্গে নিয়ে গোছামারা গ্রামে আসামি সাদ্দামকে গ্রেফতার করতে যান। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার ১০-১৫ জন স্বজন তিন পুলিশের ওপর হামলা করে এবং ময়লা ছিটিয়ে দেয়। একপর্যায়ে আসামি ছিনিয়ে নিয়ে যান তারা। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। পরে তারা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরে যান।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) শাহআলম মোল্লা বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি ধরতে গোছামারা গ্রামে যায় আমার তিন সদস্য। আসামি সাদ্দামকে গ্রেফতার করে ফিরে আসার সময় তার স্বজনরা হামলা করে আসামি ছিনিয়ে নেন। এ ব্যাপারে আসামির মা ও তার দুই বোনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved