
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার কোনোভাবেই বিরোধী দল ও মত সহ্য করতে চায় না।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান বিনা ভোটের সরকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দিয়ে বিরতিহীনভাবে হয়রানি করে চলেছে। আর সেটিরই ধারাবাহিকতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং মাগুরা জেলায় বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। তারা গণতন্ত্রকে ধ্বংসের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে মরিয়া হয়ে উঠেছে।
বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই দাবি করে ফখরুল বলেন, বিচারকরা আইন মোতাবেক বিচারকার্য পরিচালনা করতে পারছেন না বলেই বিরোধী দলীয় নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। সারা দেশে প্রতিদিন যেভাবে বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হীন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের মামলা দায়েরের মাধ্যমে গণগ্রেফতার এবং আদালতকে দিয়ে জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করা হচ্ছে-তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছি।
বিএনপিসহ আটক বিরোধীদলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, দমন-নিপীড়ন, হামলা মামলার পথ অনুসরণ করে সরকার যেভাবে দেশের মানুষকে, গণতন্ত্রকে অবরুদ্ধ করে ফেলেছে-তাতে দেশ এক ভয়াবহ নৈরাজ্যকর অবস্থায় পতিত হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved