
জানমালের নিরাপত্তা দিতে সরকার পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কদের।
বুধবার (৫ এপ্রিল) আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেট ঘুরে দেখে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে দেশে। অনেক পরিবার নিঃশেষ হয়ে গেছে। তাদের জানমালের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। তারা ব্যর্থ। এ সরকারের কারো কাছে জবাবদিহিতা নেই, তাই এ অবস্থা। সাধারণ মানুষের টাকায় সরকার চলে। কিন্তু তাদের দিকে সরকারের কোনো নজর নেই।
ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং স্বল্প সুদে ঋণ দেয়ার দাবি জানিয়ে তিনি আরও বলেন, ঈদের আগে অস্থায়ী জায়গা করে দিয়ে হলেও ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিতে হবে।
এদিকে বঙ্গবাজার ট্র্যাজেডির ৩২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও আগুন লাগার সঠিক কারণ উদ্ঘাটন করতে পারেনি ফায়ার সার্ভিস। সংস্থাটি বলছে, মালামাল ঠাসা মার্কেটটির ধ্বংসস্তূপ সরিয়ে নিলে আগুনের উৎস চিহ্নিত করা সম্ভব হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, পোড়া মালামাল সরিয়ে নিলে আগুনের উৎস চিহ্নিত করে শেষ করা যাবে ফায়ার সার্ভিসের কার্যক্রম।
ডিজি আরও বলেন, গাউছিয়া, রাজধানী সুপার মার্কেটসহ বঙ্গবাজারের মতো অন্যান্য ঝুঁকিপূর্ণ মার্কেটের বিষয়ে অচিরেই সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে ক্ষতিগ্রস্ত দোকানিদের পাশে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে আসেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় তারা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন।
এদিন আগুনের ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে মানববন্ধন করেছে বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতি।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে এখন পর্যন্ত প্রায় চার হাজারের বেশি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved