
নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলায় একটি ঘাস ক্ষেত থেকে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের চৌকিদারের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গাইবান্ধা সদর থানার ওসি মো. মাসুদার রহমান।
নিহত জিসান মিয়া সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর (পশ্চিমপাড়া) গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। ১৫ বছরের জিসান একই গ্রামের অ্যাডভান্স স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জিসানের নানা কালাম মিয়া জানান, জিসান শুক্রবার সারাদিন বাড়ির পাশে তার এক মামার বিয়ের অনুষ্ঠানে ছিল। বিকালে এক সহপাঠীর মোবাইল ফোন পেয়ে সে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে জিসান আর বাড়িতে ফিরে আসেনি।
“অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধানও পাওয়া যায়নি। শনিবার সকালে জিসানের নিখোঁজের বিষয়টি গাইবান্ধা সদর থানা পুলিশকে জানানো হয়।”
তিনি আরও বলেন, “তবে গ্রামের একাধিক লোক জিসানকে তার সহপাঠী রেজওয়ান, নাহিদ ও সাগরসহ কয়েকজন বন্ধুর সঙ্গে স্থানীয় বাজার এবং স্কুলমাঠে ঘুরতে দেখেছে বলে জানিয়েছে।”
স্বজনদের দাবি জিসানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ওসি মো. মাসুদার রহমান জানান, জিসানের শরীরে কোথাও আঘাতের চিহ্ন ছিল না। তবে মুখ ও নাকে রক্ত ছিল।
“ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ এখানে ফেলে রেখে গেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কার্যক্রম অব্যাহত রেখেছে।”
জিসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved