
দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সৌদি আরবে ওষুধ শিল্পে বিনিয়োগ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সামনের বছর সেখানে পুরোপুরিভাবে ওষুধ উৎপাদনে যাবে প্রতিষ্ঠাটি।
শনিবার (১১ মার্চ) বিকেলে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল-কাসাবির নেতৃত্বে একটি প্রতিনিধি দল গাজীপুরের টঙ্গীতে অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানা পরিদর্শন করেন। পরে প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে এসব কথা বলেন সালমান এফ রহমান।
তিনি বলেন, সৌদি আরবে পণ্য উৎপাদন করে যতটা সহজে ও কম মূল্যে বিক্রি করা যাবে, বাংলাদেশ থেকে রফতানি করে ওই দেশে ততটা সহজে ও কম মূল্যে পণ্য বিক্রি করা যাবে না। সে জন্যই সৌদি আরবে কারখানা স্থাপন করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
সৌদি আরবে ৩০ থেকে ৪০টির মতো ওষুধ উৎপাদন করার পরিকল্পনার কথা জানিয়ে সালমান এফ রহমান বলেন, এখানে বাংলাদেশ এবং সৌদি আরব উভয় পক্ষেরই বিনিয়োগ রয়েছে। তবে বাংলাদেশের বিনিয়োগ অর্থাৎ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বিনিয়োগ বেশি।
সৌদি আরবের আইটি খাত নিয়েও কথা বলেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, সৌদি আরব আইটি খাতে বেশ দ্রুত উন্নতি করেছে। বাংলাদেশ তাদের সঙ্গে কাজ করতে চায়। এজন্য বাংলাদেশ থেকে দক্ষ কর্মী রফতানি করার বিষয়ে সৌদি ইতিবাচক সাড়া দিয়েছে।
এদিকে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল-কাসাবি বাংলাদেশের প্রশংসা করে বলেন, বাংলাদেশ ব্যবসায় এবং প্রযুক্তিতে বেশ এগিয়ে গেছে। বেক্সিমকো ফার্মাসিটিক্যাল পরিদর্শন করে আমার বিশ্বাস হয়নি বাংলাদেশ ওষুধ শিল্পে এত দ্রুত উন্নতি করেছে।
বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আশাবাদী বাংলাদেশ মধ্যপ্রাচ্যের আরও বেশ কিছু দেশে ওষুধ রফতানির সুযোগ পাবে।’
সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘এই সফর দুই দেশের সম্পর্ক ভালো করবে। আমাদের বিনিয়োগ নিয়েও কথা হয়েছে। বাংলাদেশের জন্য সৌদি আরবে বিনিয়োগের দ্বার খোলা আছে, আমরা বাংলাদেশের বিনিয়োগ করার চিন্তা করছি।’
এ ছাড়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।
এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় বেক্সিমকো ফার্মার কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র তুলে ধরেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘বেক্সিমকো দেশের প্রথম সারির ওষুধ উৎপাদনকারীপ্রতিষ্ঠান। বাংলাদেশের জিডিপিতে একটি বড় অবদান রয়েছে বেক্সিমকো গ্রুপের। করোনাকালীন তারা মানুষের পাশে দাঁড়িয়েছে ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved