
বর্তমান সরকারের ব্যর্থতায় রাজধানী ঢাকা এখন বিস্ফোরক নগরীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশ্ব নারী দিবস উপলক্ষে বুধবার (৮ মার্চ) জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে মহিলা দলের উদ্যােগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘কয়েক দিন ধরে দেখা যাচ্ছে শুধু বিস্ফোরণ আর বিস্ফোরণ। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ঢাকা মহানগরী বিস্ফোরক নগরীতে পরিণত হয়েছে।’
তিনি বলেন, ঢাকার বাতাস এখন সবচেয়ে দূষিত। এই সরকার পরিবেশবান্ধব শহর উপহার দিতে পারেনি। অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা আজ মৃত্যুকূপে পরিণত হয়েছে। গুলিস্তানের একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণে ১৭ জন মারা গেছে, সাইন্স ল্যাবে তিনজন মারা গেছে। এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুবার বিস্ফোরণে বহু মানুষ মারা গেল। এসব নিয়ে সরকারের মাথাব্যথা নেই। তারা উন্নয়নের গল্প শোনাতে ব্যস্ত।’
উন্নয়নের গল্প মানুষ বিশ্বাস করে না জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, যে উন্নয়ন মানুষের বেঁচে থাকার নিশ্চয়তা দিতে পারে না, সেই উন্নয়ন মানুষ চায় না। দুর্নীতি-লুটপাট করে সরকার দুর্নীতিতেও দেশকে প্রথমে নিয়ে গেছে।
ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে কেউ নিরাপদ নয়। নারীরা সবচেয়ে বেশি অনিরাপদ। দেশে ধর্ষণ-নারী নির্যাতন সবচেয়ে বেশি হচ্ছে। এসবের প্রতিবাদ করায় নারীদের গ্রেফতার-নির্যাতন করে কারাগারে পাঠাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রীদের ওপর নির্যাতন করা হচ্ছে। ছাত্রলীগের নেত্রীরাই এই নির্যাতন করছে।’
এ সময় মির্জা ফখরুল দুঃখ প্রকাশ করে বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের নির্যাতন করা হলো। অথচ কোনো নারীবাদী সংগঠন এর প্রতিবাদে রাস্তায় নামেনি, প্রতিবাদ করেনি। আমার দুঃখ হয়, এসব সংগঠনের কাজ কি তবে দালালি করা? নাকি ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলতে তারা ভয় পায়?’
বাংলাদেশের যতটুকু উন্নয়ন হয়েছে, সেখানে নারীদের অবদান সবচেয়ে বেশি জানিয়ে তিনি বলেন, গার্মেন্টস ও দেশের বাইরে থেকে যারা রেমিট্যান্স পাঠায়, তাদের অবদান দেশের উন্নয়নে সবচেয়ে বেশি। খালেদা জিয়া এ দেশের মানুষকে পথ দেখিয়েছেন। বাংলাদেশের নারীদের জন্য শিক্ষাখাতকে তিনি অবৈতনিক ঘোষণা করেছিলেন।
তাই এ সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এ জন্য বর্তমান সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved