
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নেতারা এত বেশি দুর্নীতি করেছে যে তারা আগে স্যান্ডেল পরত, এখন রোলস রয়েলস চালায়।
সোমবার (৬ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ নেতারা) এত বেশি চুরি করেছে যে তাদের চেহারা বদলে গেছে। তারা আঙুল ফুলে কলাগাছ বনে গেছে। তাদের চেহারা এমন হচ্ছে যে দেখে মনে হয় না দেশে কোনো সমস্যা আছে। তারা আগে স্যান্ডেল পরত, এখন রোলস রয়েলস চালায়।’
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশটাকে খাদের কিনারায় নিয়ে গেছে। তারা এত বেশি দুর্নীতি করেছে যে অর্থনৈতিক খাত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ব্যাংক খাত লোপাট করেছে। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। রিজার্ভ কমে এসেছে। স্বাস্থ্যখাত ধ্বংস করেছে। শিক্ষাখাতে নৈরাজ্য তৈরি করেছে।
দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, জিনিসপত্রের দাম বাড়ার কারণটা সম্পর্কে অনেকেই রুশ-ইউক্রেন যুদ্ধের কথা বলেন। আসলে তা নয়। তারা এত বেশি চুরি করেছে যে এখন দাম নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের নেই। সরকার দাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা বিদেশে ডলার পাচার করেছে। এ জন্য ডলারের দাম বেড়েছে। বড় বড় প্রজেক্ট করছে। এর পেছনে বড় কারণ হলো লুট।
আওয়ামী লীগ সবসময়ই গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে ফখরুল বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, ১৯৭৫ সালে আওয়ামী লীগ মাত্র ১১ মিনিটের মধ্যে গণতস্ত্র ধ্বংস করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তখন থেকে জাতীয়তাবাদ বিনষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে। জিয়াউর রহমানকে হত্যা ছিল একই ষড়যন্ত্রের ফসল।’
বিএনপির মহাসচিব বলেন, কিছুদিন আগেও আওয়ামী লীগ নেতারা বলতেন বিএনপির কোমর ভেঙে গেছে। এখন তারা দুঃস্বপ্ন দেখছে–এই বুঝি বিএনপি ক্ষমতায় চলে এলো। এ জন্য তারা এমন এমন কর্মসূচি দিচ্ছে, যা তাদের পক্ষে যাচ্ছে না।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved