
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির গলায় যত জোর, আন্দোলনে তত গতি নেই। তাদের আন্দোলনের গতি কমে গেছে, গলার জোর বেড়ে গেছে।’
শনিবার (০৪ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সাবেক সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি’র শোকসভায় এসব কথা তিনি বলেন।
তিনি আরও বলেন, বিএনপি বলেছিল ১০ ডিসেম্বর দেশ দখল করবে, পরের দিন খালেদা জিয়া দেশ চালাবে, তারেক রহমানের ডাকে তাদের নেতাকর্মীরা হাঁড়ি-পাতিল, লোটা-কম্বল নিয়ে সাতদিন ধরে এক সমাবেশের নামে পিকনিক করেছে। তারা এখন লাল কার্ড থেকে নীরব পদযাত্রার আয়োজন করেছে।
বিএনপির লুটপাটের কথা উল্লেখ ওবায়দুল কাদের বলেন, আপনারা কি হাওয়া ভবনের কথা ভুলে গেছেন? আপনারা কি ভুলে গেছেন আমেরিকা ও সিঙ্গাপুরে বিএনপির পাচার করা হাজার হাজার কোটি টাকার কথা? মনে রাখবেন, বর্গীর চেয়েও ভয়ঙ্কর বিএনপি নামক লুটেরা দল। বিএনপি ক্ষমতায় গেলে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা গিলে খাবে।
তিনি বলেন, দলে হাইব্রিড ঢুকে গেছে। এদের কবল থেকে দলকে রক্ষা করতে হবে। আমাদের সদ্য প্রয়াত জননেতা মোছলেম উদ্দিন দলের ভেতরে ঢুকে পড়া হাইব্রিডদের নিয়ে ভাবতেন। আমি চাই এই হাইব্রিডদের কাছে দল কখনও যাতে আত্মসমর্পণ না করে।
চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথভাবে এ শোকসভার আয়োজন করে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় শোকসভায় প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন , বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শোকসভায় বিশেষ অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, হুইপ শামসুল হক চৌধুরী, আওয়ামী লীগের অর্থ সম্পাদক এমপি ওয়াসিকা আয়েশা খান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved