
ছয় দেশ থেকে ২১ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এ তেল কেনা হবে। আর কিনতে সরকারের খরচ হবে ১৮ হাজার ৭৬০ কোটি ৫৬ লাখ টাকা।
বুধবার (১১ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ভারত, ইন্দোনেশিয়া, আরব আমিরাত, চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে এ তেল কেনার সিদ্ধান্ত হয়। সভা শেষে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
তিনি বলেন, বিপিসির মাধ্যমে ভারতের নুমালীগড় রিফাইনারী লিমিটেড (এনআরএল) থেকে ৬০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ তেল আমদানি করতে ৫৪৫ কোটি ৪ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এ ডিজেল আমদানি করা হবে।
সভায় ভারত, ইন্দোনেশিয়া, আরব আমিরাত, চীন, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের সাতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে ২০ লাখ ৪০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান সাঈদ মাহবুব খান।
তিনি বলেন, বিপিসির মাধ্যমে ইন্দোনেশিয়ার বিএসপি, আরব আমিরাতের ইএনওসি, ভারতের আইওসিএল, চীনের পেট্টোচায়না, মালয়েশিয়ার পিটিএলসিএল, থাইল্যান্ডের পিটিটিটি এবং চীনের ইউনিপেক থেকে ২০ লাখ ৪০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ পরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে ১৮ হাজার ২১৫ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে এ জ্বালানি তেল কেনা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved