ভারতের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা রিলায়েন্স গ্রুপ বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল তৈরির পরিকল্পনা করছে। আপাতত তারা ঢাকায় একটি তথ্যকেন্দ্র চালু করছে। রিলায়েন্সের মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশিদের সহায়তা করবে এ কেন্দ্র।
আজ সোমবার বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রিলায়েন্সের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে ঢাকার তথ্যকেন্দ্র সেবা দেবে।
সংবাদ সম্মেলনে কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্তোষ শেঠী বলেন, রিলায়েন্স গ্রুপ ২০০৯ সালে ভারতের মুম্বাইতে অলাভজনক কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। এখন হাসপাতালটি ভারতের অন্যতম সেরা হাসপাতাল ও স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সন্তোষ শেঠী বলেন, সঠিক সংখ্যা জানা না থাকলেও প্রতিবছর বাংলাদেশ থেকে প্রচুর রোগী ভারতে যায়। মূলত ক্যানসার, শিশুদের হৃদ্রোগ, স্নায়ুরোগের রোগী বেশি যায়। ঢাকার কেন্দ্রটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়েছে। কেন্দ্রটি বাংলাদেশি রোগীদের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যাপারে সহায়তা করবে। এ ছাড়া অনেক রোগীকে টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দেবে।
অপর এক প্রশ্নের জবাবে সন্তোষ শেঠী বলেন, রিলায়েন্সের একটি পূর্ণাঙ্গ হাসপাতাল তৈরির প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। কবে নাগাদ হাসপাতালের নির্মাণকাজ শুরু হবে, তা এখনই বলা যাচ্ছে না।
আজ রাতে ওই হোটেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির এ কেন্দ্র উদ্বোধন করার কথা আছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply