
আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ উন্মুক্ত স্থানে করতে বিএনপিকে আবারও অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অনুরোধের কথা জানান মতিঝিল বিভাগের ডিসি মো. হায়াতুল ইসলাম খান।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য আবারও বিএনপিকে পুলিশ অনুরোধ জানিয়েছে। যদি তারা (বিএনপি) সেখানে সমাবেশ করতে চান, তাহলে তারা যে সমস্যার কথা বলেছে সেটা সমাধান করা হবে।
ডিসি হায়াতুল বলেন, বিএনপিকে অনুমোদনহীন ও অনুমতি ব্যতীত কোথাও সমাবেশ করতে দেয়া হবে না। ডিএমপির অনুমোদন ছাড়া কোনো স্থানে কর্মসূচিও পালন করা যাবে না।
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের জন্য বিকল্প স্থানের অনুমোদন দেয়া হয়েছে কিনা জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, বিকল্প স্থানের প্রস্তাবের বিষয়ে এখনো অনুমোদন দেয়া হয়নি। বিএনপির চাহিদা অনুযায়ী বিকল্প স্থানে অনুমোদন দেয়া হবে না বলেও জানান তিনি।
এর আগে সোমবার (৫ ডিসেম্বর) বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি সমাবেশের স্থান নয়াপল্টনের পরিবর্তে আরামবাগ সড়কে করার মৌখিক প্রস্তাব দিলে সেটি নাকচ করে দেয় ডিএমপি।
সে সময় ডিএমপির পক্ষ থেকে আবারও সোহরাওয়ার্দী উদ্যানের প্রস্তাব দেয়া হয়। আর যদি সোহরাওয়ার্দী উদ্যানকে স্বস্তিকর করতে বিএনপির কোনো সুপারিশ থাকে তাহলে তা বাস্তবায়ন করারও আশ্বাস দেয় ডিএমপি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved