
মানহানির অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার (৭ নভেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।
মামলা দুটি হয়েছিল নড়াইল ও ঢাকায়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
২০১৮ সালের ১৪ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। পরে সময়ে সময়ে জামিনের মেয়াদ বাড়ানো হয়।
২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে নড়াইলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন। একই অভিযোগে ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরও একটি মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। এই দুই মামলায় এর আগে হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন। ওই জামিনের মেয়াদ শেষ হয়ে আসায় ফের আবেদন করলে সোমবার তা বাড়ানো হলো।
দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে আড়াই বছর ধরে মুক্ত অবস্থায় রয়েছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved