
দেশে বেশ কিছুদিন ধরে মার্কিন ডলারের সংকট রয়েছে। এ সুযোগে ১২টি ব্যাংক ডলার কেনা-বেচায় ৫০০ কোটি টাকার বেশি অতিরিক্ত মুনাফা করে। এসব টাকা কৃষি খাতে ব্যয় করা নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।
জানা যায়, অতিরিক্ত মুনাফা করা ব্যাংকগুলো হলো- বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ব্যাংক এশিয়া, ইউসিবি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি ব্যাংক এবং ঢাকা ব্যাংক।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ডলার বাজারে অস্থিরতার মধ্যে এসব ব্যাংকের অতিরিক্ত মুনাফা করার তথ্য উঠে আসে। ফলে গত ৮ আগস্ট ডাচ্-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, দি সিটি, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও প্রাইম ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ১৮ আগস্ট এমডিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এরপরে গত ৭ সেপ্টেম্বর বাকি ছয় ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে কঠোর অবস্থান থেকে পিছু হটে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। এরই মধ্যে ৬টি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান নিজ নিজ কাজে ফিরেছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved