মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গার আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের কোর্টমোড় ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে জেলার প্রবীণ জনগোষ্ঠী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃবৃন্দসড় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিক-উজ-জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আইনাল হক।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ ও প্রবীণ হিতৈষী সংঘের সদস্য হামিদুল হক মুন্সী।
এ সময় প্রবীণদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা, সামাজিক অংশগ্রহণ এবং দীর্ঘায়িত জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ শাজাহান আলী, সুবর্ণ মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মিম্মা সুলতানা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মনি, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রেজাউল করিম এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান।
বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও বাড়ছে। তাই প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আর্থিক সুরক্ষা, পারিবারিক মর্যাদা ও সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘ জীবনের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে বিদ্যমান ব্যবস্থা ও নীতিতে নতুনভাবে ভাবতে হবে।
আলোচনা সভায় প্রবীণ জনগোষ্ঠীর পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।