দেশের উত্তরবঙ্গ তথা রাজশাহী ও রংপুর বিভাগের জেলাসমূহে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টি এবং কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন ও রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ (এসিডি-২) ও ট্রাস্ট ব্যাংক পিএলসি– এর মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসিডি-২) জনাব এ কে এম সাইদুজ্জামান এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব আহসান জামান চৌধুরী স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ কবির আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফ হোসেন খান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক।
এই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষক/পল্লী উদ্যোক্তা মাত্র ৭% সুদে ঋণ গ্রহণের সুযোগ পাবেন ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে।