মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতী থানার মাউলী ও জয়নগর ইউনিয়নের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে মাউলী ইউনিয়নের মহাজন ফেরীঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মাউলী ইউনিয়নের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মাউলী ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের মো সাগর সৈয়দ ও শামীমসহ কয়েকজনকে ধরে নেওয়ার উদ্দেশ্যে জয়নগর ইউনিয়নের বিএনপি নেতা আবুল খানের ছেলে ফাহিম খানের নেতৃত্বে ৪০-৫০ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে ট্রলারযোগে মহাজন ফেরীঘাট এলাকায় অবস্থান নেয়।
এ সময় মাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম ইয়ার আলী ফোনে ফাহিমের বাবার সঙ্গে কথা বলে তাদের নিবৃত করার চেষ্টা করেন। তবে তাতে পরিস্থিতি শান্ত হয়নি। একপর্যায়ে ফাইমের লোকজন রাব্বি কে ঘিরে মারধর করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ ঠেকাতে গিয়ে স্থানীয় কয়েকজনও আহত হয়েছেন বলে জানিয়েছেন মাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাছিবুর শেখ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম ইয়ার আলী ও কলাগাছি গ্রামের ইসমাইল শেখ।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ের করা হয়েছে। পরিবেশ এখন সাভাবিক তবে এখনো কোন অভিযোগ পাইনি। অভিয়োগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।