মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এর ‘ মেহেরপুর সদরে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা কার্যক্রম জোরদারকরণ (১ম সংশোধিত)’ প্রকল্পের ২য় আঞ্চলিক রিভিউ কর্মশালা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) চুয়াডাঙ্গার হোটেল শহীদ প্যালেসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএআরআই, গাজীপুরের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। বিশেষ অতিথি ছিলেন বিএআরআই’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস এবং ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
কর্মশালায় প্রকল্প এলাকার গবেষণা প্রতিষ্ঠান, বিএডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, উদ্যোক্তা ও কৃষকরা অংশ নেন।
কর্মশালায় গত এক বছরের গবেষণা কার্যক্রমের ফলাফল মূল্যায়ন এবং আগামী এক বছরের গবেষণা পরিকল্পনা প্রণয়ন করা হয়। ফলাফল উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. মো. মতিয়ার রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপপ্রকল্প পরিচালক ড. জাহান আল মাহমুদ এবং বৈজ্ঞানিক কর্মকর্তা সামছুন নাহার ও নাঈমা জাহান।
প্রকল্পটি মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও রাজবাড়ী জেলার ২৮টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় মেহেরপুরের বারাদিতে একটি কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে। কেন্দ্রটি চালু হলে নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং তা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কৃষি উৎপাদন ও কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।