সাম্প্রতিক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বরাট, ভাকলা এলাকায় অবস্থিত চৌধুরী আব্দুল হামিদ একাডেমিতে "সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা" শীর্ষক ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি ব্যতিক্রমধর্মী ক্যান্সার সচেতনতা কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনটি যৌথভাবে বাস্তবায়ন করে উজ্জ্বলা উইমেন অ্যান্ড ইয়ুথ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং সিসিআই ফাউন্ডেশন।
কর্মসূচির অংশ হিসেবে সংগঠন দুটির প্রতিনিধি দল একাডেমিতে উপস্থিত হয়ে স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা এ উদ্যোগের গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে।
সচেতনতামূলক এই কার্যক্রমে বিশেষভাবে নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার ও সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। অংশগ্রহণকারীদের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং দ্রুত শনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিআই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডা. লুবনা মরিয়াম, সামিয়া আফরিন-যিনি একজন ক্যান্সার সার্ভাইভার ও সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব এবং একই সঙ্গে উজ্জ্বলা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এছাড়াও আর উপস্থিত ছিলেন উজ্জ্বলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আফরোজা পারভীন, যিনি নিজেও একজন ক্যান্সার সার্ভাইভার, তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্য ও ব্যক্তিগত অভিজ্ঞতা উপস্থিত সকলকে গভীরভাবে প্রভাবিত করে এবং ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে পুরো কার্যক্রমটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। উল্লেখযোগ্য সংখ্যক স্বেচ্ছাসেবক ভবিষ্যতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।
উজ্জ্বলা ফাউন্ডেশন ও সিসিআই ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। পাশাপাশি পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্প, ক্যান্সার স্ক্রিনিং এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আরও বিস্তৃত উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved