ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬: একটি নিরাপদ, সম্মানজনক এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র মানবসম্পদ বিভাগের আয়োজনে রাজধানীর বনানীতে প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে রবিবার (১২ এপ্রিল ২০২৬) “রেসপেক্টফুল ওয়ার্কপ্লেস কালচার” শীর্ষক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান; স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম এফসিএস; ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মনজুর মফিজ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মাদ আল-আমীন; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম ওয়ালি উল মোর্শেদ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অমলেন্দু রায়; ভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান (চলতি দায়িত্ব) মোঃ মইনুল হক সিরাজী সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও চেয়ারপারসন এবং ইউজিসি এর সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটির মেম্বার অধ্যাপক ড. ফৌজিয়া মান্নান। তিনি তার বক্তব্যে কর্মক্ষেত্রে পারস্পরিক সম্মান, ব্যক্তিগত সীমারেখা এবং ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর মতে, একটি স্বাস্থ্যকর কর্মপরিবেশ কেবল নীতিমালার মাধ্যমে নয়, বরং প্রতিদিনের আচরণ, ভাষা ও পারস্পরিক সম্মানবোধের মাধ্যমেই গড়ে ওঠে।
উদ্বোধনী বক্তব্যে ব্যাংকটির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, সময়োপযোগী এই উদ্যোগ কর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে এবং একটি ইতিবাচক কর্মসংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম এফসিএস তার বক্তব্যে বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সচেতনতা, দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মনজুর মফিজ কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখা, সহমর্মিতাপূর্ণ আচরণ চর্চা এবং পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved