
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের ‘তালবাহানা’র প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। রোববার (১২ এপ্রিল) বিকেল ৪টায় শহরের টাউন মাঠ থেকে শুরু হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন মাঠে এসে সমাপ্ত হয়।
মিছিলটি টাউন মাঠ থেকে বের হয়ে কবোরী রোড, সরকারি কলেজ রোড, কোর্ট রোড, ভিজে স্কুল রোড, শহীদ হাসান চত্বর ও নিউমার্কেট এলাকা ঘুরে আবার টাউন মাঠে এসে শেষ হয়। এতে প্রায় ৪০ মিনিট ধরে শহরের বিভিন্ন সড়কে যান চলাচল আংশিকভাবে স্থবির হয়ে পড়ে।
মিছিল শুরুর আগে টাউন মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
সভাপতির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, “৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে ৫২ শতাংশ ম্যান্ডেট পাওয়া কোনো দল যদি উপেক্ষা করে, তাহলে জনগণ তা মেনে নেবে না। প্রয়োজনে আবারও জুলাইয়ের মতো আন্দোলন গড়ে উঠবে এবং জনগণ সংসদ ভবন ঘেরাও করতে বাধ্য হবে।”
তিনি সরকারের প্রতি দ্রুত গণরায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সেই রায়ের প্রতি সম্মান না দেখিয়ে সরকার নানা অজুহাতে সময়ক্ষেপণ করছে।”
তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দলের পক্ষ থেকে বারবার সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানানো হলেও সরকার তা উপেক্ষা করে সংসদে ‘লোক দেখানো’ সংবিধান বিষয়ক সংসদীয় কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। “কাঠামোগত মৌলিক সংস্কার ছাড়া শুধু সংশোধনী দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়,”—যোগ করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ, জামায়াতের জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা ইসরাইল হোসেন, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলি, পৌরশাখা আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল এবং গাংনী-আসমানখালী থানার আমির আব্বাস উদ্দিনসহ অনেকে।
বিক্ষোভ সমাবেশ থেকে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved