
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১২ এপ্রিল সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আদালত সহায়তা কার্যক্রম, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, চোরাচালান নিরোধ এবং অনিষ্পন্ন মামলাসমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন নিয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মোঃ মাসুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মাসুদ পারভেজ বলেন, চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর জোর দেওয়া হয়। তিনি বলেন, “মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ লুৎফুন নাহার বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। মাদক, চোরাচালান ও দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। তিনি সকল সংশ্লিষ্ট দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, জেলা পুলিশ আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, মাদক, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হবে।
এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved